বৈশাখী মেলা: হারিয়ে যাওয়া শিল্পের জীবন্ত প্রদর্শনী

শেখ সুলতানা মীম : বাঙালি জাতি তার সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই ঐতিহ্যের অনন্য প্রকাশ ঘটে বাংলা নববর্ষের প্রথম দিনে পহেলা বৈশাখে। এদিন বাঙালিরা পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছরের আশা, স্বপ্ন ও সম্ভাবনাকে বরণ করে। নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ হলো বৈশাখী মেলা, যা কেবল আনন্দ-উৎসব নয়, বরং বাঙালির ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতির এক অনন্য মিলনমেলা। পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে, বসে বৈশাখী মেলা এবং শহরেও এর আয়োজন ক্রমশ বাড়ছে। এই মেলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সবাই একত্রিত হয়ে এই উৎসব উদযাপন করে। ফলে বৈশাখী মেলা হয়ে ওঠে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক, যেখানে মানুষ নিজেদের ভেদাভেদ ভুলে একাত্ম হয়ে যায় এবং বাঙালি পরিচয়ের বন্ধনে আবদ্ধ হয়।

বৈশাখী মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর শিল্পবৈচিত্র্য, যেখানে বিশেষ করে মৃৎশিল্প, কারুশিল্প ও কুটিরশিল্প এই মেলার প্রাণ হিসেবে বিবেচিত। বাংলার গ্রামীণ জীবনধারার সঙ্গে নিবিড়ভাবে জড়িত এই শিল্পগুলো যুগ যুগ ধরে মানুষের নিত্যপ্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের নান্দনিক চাহিদাও পূরণ করে আসছে।

মেলার বিভিন্ন স্টলে দেখা যায় মাটির তৈরি হাঁড়ি-পাতিল, কলস, থালা-বাসন, ফুলদানি, খেলনা, শোপিস ইত্যাদি, যা শুধু ব্যবহারিক নয় বরং নান্দনিক সৌন্দর্যেও ভরপুর। মৃৎশিল্প বাংলার প্রাচীনতম শিল্পগুলোর একটি এবং প্রাচীনকালে মানুষের দৈনন্দিন জীবনে মাটির তৈরি সামগ্রীর ব্যবহার ছিল অপরিহার্য; রান্নার জন্য মাটির হাঁড়ি, পানি সংরক্ষণের জন্য কলস এবং খাবার পরিবেশনের জন্য থালা ও বাটি ব্যবহার করা হতো। বিশেষ করে গরমের সময় মাটির কলসের পানি স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে, যা শরীরের জন্য উপকারী এবং আজও অনেক মানুষ এই প্রাকৃতিক সুবিধার জন্য মাটির পাত্র ব্যবহার করতে পছন্দ করে।

কারুশিল্প ও কুটিরশিল্প বৈশাখী মেলার গুরুত্বপূর্ণ অংশ, যেখানে গ্রামীণ কারিগরদের দক্ষ হাতে তৈরি তালের পাখা, বাঁশ ও বেতের ঝুড়ি, হাতপাখা, চাটাই, মাদুর, নকশিকাঁথা, কাঠের খেলনাসহ নিত্যপ্রয়োজনীয় কাঠের জিনিসপত্র বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

এসব পণ্যে প্রাকৃতিক উপকরণের ব্যবহার এবং ঐতিহ্যবাহী নকশার ছোঁয়া থাকে, যা এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে এবং একই সঙ্গে দেশের সাংস্কৃতিক পরিচয় বহন করে। মেলায় শুধু ঐতিহ্যবাহী শিল্প নয়; পাশাপাশি আসর বসে ঐতিহ্যবাহী বাঙালিয়ানার খাবার। বাঙালির খাদ্যসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ মিষ্টান্ন। বিভিন্ন এলাকার কিছু বিখ্যাত মিষ্টি রয়েছে যা খাদ্যসংস্কৃতিকে আরও সৌন্দর্যমন্ডিত করে তুলে। তাদের মধ্যে বগুড়ার মিষ্টি দই, কুমিল্লার রসমালাই, ময়মনসিংহের মন্ডা, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা খাবারের আয়োজনকে আরও সমৃদ্ধ করে তুলে।

আবার গ্রামের দিকে পান্তা-ইলিশ খাওয়ার সংস্কৃতি এখনো বিদ্যমান। যা শহরের কিছু অংশে দেখা মিললেও বেশিরভাগ মানুষই এখন ফাস্ট ফুড ও বিলাসী খাবারের দিকে আকর্ষণ বেশি। বৈশাখী মেলা কেবল পণ্য কেনাবেচার স্থান নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মিলনক্ষেত্র, যেখানে লোকসংগীত, বাউল গান, পালাগান, যাত্রাপালা ও নৃত্যের মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দর্শকদের মনোরঞ্জনের পাশাপাশি লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত করে। শিশুদের জন্য নাগরদোলা, বায়স্কোপ, রঙ-বেরঙের খেলনা, মিষ্টি ও নানা ধরনের আনন্দ আয়োজন মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। কিন্তু বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির প্রভাবে এই ঐতিহ্যবাহী শিল্প ও খাবার আজ হুমকির মুখে পড়েছে, কারণ প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের সহজলভ্যতা মাটির জিনিসপত্রের চাহিদা কমিয়ে দিয়েছে এবং যন্ত্রনির্ভর উৎপাদনের ফলে হস্তশিল্পের কদরও কমে যাচ্ছে। এর ফলে অনেক কারিগর তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যা এই শিল্পগুলোর অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আবার শহরের রেস্টুরেন্টে আধুনিক খাবার-দাবারের বিশাল আয়োজনের নিচে চাপা পড়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলো।

উৎসব- পার্বণ ছাড়া এসব শিল্পের দেখা পাওয়াও মুশকিল এখন। এর প্রধান কারণ বর্তমান সময়ে তরুণ প্রজন্মের অনেকেই আধুনিক পণ্যের প্রতি বেশি আকৃষ্ট হওয়ায় ঐতিহ্যবাহী শিল্পের প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে আমাদের বহু প্রাচীন সংস্কৃতি। আবার আধুনিক প্রযুক্তির ফলে কারিগররা তাদের ন্যাযমূল্য না পাওয়া, বাজারজাতকরণে অসুবিধা এবং পণ্যের চাহিদা কমে যাওয়ার কারণে তাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য এবং পুনর্জাগরের জন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের প্রয়োজন। যার জন্য প্রয়োজন সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা, সম্মিলিত উদ্যোগ এবং প্রচেষ্টা। পাশাপাশি সরকার ও বেসরকারি সংস্থাগুলোরও উচিত কারিগরদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা এবং এসব পণ্যের বাজারজাতকরণে সহায়তা করা, যাতে তারা ন্যায্য মূল্য পায়।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী শিল্প সম্পর্কে অবহিত করা এবং তাদের আগ্রহী করে তোলা জরুরি। একই সাথে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই শিল্পগুলোর প্রচার বাড়ানো এবং বৈশাখী মেলাকে আরও আকর্ষণীয়ভাবে আয়োজন করা গেলে মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে এবং তরুণ প্রজন্মও নিজেদের সংস্কৃতি সম্পর্কে সচেতন হবে। সবশেষে বলা যায়, বৈশাখী মেলা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক, যা আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই মৃৎশিল্প, কারুশিল্প, কুটিরশিল্পে, খাদ্যসংস্কৃতির মতো ঐতিহ্যবাহী শিল্পগুলোকে টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গর্বের সঙ্গে তুলে ধরতে পারব।

লেখিকা : শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ (ইংরেজি বিভাগ), ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *