কাজী.এস.আর.রাশিদা
রোদেলা দুপুর ঝলসানো তাপে
প্রকৃতি যখন হাসে;
স্মৃতির উঠোনে ফেলে আসা দিন
অশ্রু নয়নে ভাসে।
মানচিত্রের নকশাতে ছিল
প্রণয়ের কত নাম;
পথের ধুলোতে হারিয়েছে আজ
চেনাশোনা সেই গ্রাম।
যোজন যোজনে সখ্যতা আড়ি
প্রেমানলে ছিল মায়া;
দূরে গিয়ে ফের কাছে আসা যেন
হয়ে দেহেরই ছায়া।
হারানো সময় মধুর সে প্রীতি
মাঝপথে টানে ইতি;
তবু রয়ে যায় বুক পকেটের
নীল খামে কিছু স্মৃতি।
খুশির পালকে উচ্ছ্বাসিত আজ
চন্দ্র সূর্য গ্রহ;
জোড় বাঁধে সাথে জ্যোৎস্নার হাসি
যৌথ কাব্য সহ।





















