শেখ সুলতানা মীম
নানা রূপের বাহার তোমার,
কখনো আলো, কখনো অন্ধকার—
কারো মনে স্নিগ্ধ শান্তির ছোঁয়া,
আবার কারো গলায় সর্বনাশের হার।
কারো কাছে উৎসব তুমি,
বরণ করে নেয় আনন্দ ভরে,
সুরের মূর্ছনায় মুখর চারিদিক,
নতুন সাজে, নতুন ভোরে।
সবার চোখে ধরা পড়ে
গুটিকয়েক মানুষের হাসি,
কেউ কি খোঁজ রাখে বলো
অসহায় মুখের লুকানো কষ্টের হাসি?
যখন তুমি পাগলা হাওয়ার বেগে
ছুটে চলো দিগবিদিক এলোপাতাড়ি
কারো কাছে মনে হয় উপভোগ্য বর্ষা,
আবার কারো কাছে সর্বনাশা কালবৈশাখী ।
তোমার এত রূপের মাঝেও
সকলে বাঁচে নতুন আশায়—
এসো তুমি শান্তির বার্তা নিয়ে,
স্বপ্ন গড়ো নতুন প্রত্যাশায়।





















