বৈশাখী মেলায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

শেখ সুলতানা মীম : পহেলা বৈশাখ বাঙালির জীবনে এক আনন্দঘন ও উৎসবমুখর দিন। এই দিনটিকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। ছোট-বড়, নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে সব ধর্ম ও শ্রেণির মানুষ এই দিনে একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। এ যেন এক সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা। তবে দুঃখজনক হলেও সত্য, এই আনন্দঘন পরিবেশের মাঝেও কিছু অসাধু ও কুচক্রী মানুষ সক্রিয় থাকে। তারা সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে লিপ্ত হয়। বিশেষ করে নারীদের গয়না, ব্যাগ ও টাকা-পয়সা টার্গেট করে তারা মুহূর্তের মধ্যে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। আরও উদ্বেগজনক বিষয় হলো, কিছু অসৎ ব্যক্তি ভিড়ের সুযোগ নিয়ে নারীদের প্রতি অসভ্য ও অশোভন আচরণ করে, যা শুধু ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, বরং সমাজের নৈতিক ভিত্তিকেও আঘাত করে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা উৎসবের আনন্দকে ম্লান করে দেয়। মাঝে মাঝে শিশু অপহরণের মতো ঘটনাও ঘটে থাকে যা সবার মনে ভীতি সৃষ্টি করে এবং উৎসবের আনন্দকে ব্যাহত করে। তাই এ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের কঠোর নজরদারি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তাহলেই পহেলা বৈশাখ তার প্রকৃত আনন্দ ও সৌন্দর্য ধরে রাখতে পারবে এবং সকলে নিশ্চিন্তমনে বৈশাখের আনন্দ উপভোগ করতে পারবে।

লেখিকা : শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ (ইংরেজি বিভাগ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *