রানা সোহেল
চ্যাপ্টা পকেটে
কয়েক টাকার নোটে
কিনতে গেলাম তোমার নামে
এই শহর।
তখন ভরা রোদ্দূর
আলুতালু জীর্ণ প্রহর।
শহরটা কত প্রেমিকের দল
কিনতে ব্যাকুল,
আর
নিয়ন আলো ফুল।
মধ্যবিত্ত মন সারাক্ষন
পরাভূত স্বপ্ন সংকলন,
কিনতে পারিনা হায় পারিনা
সে তোমার মন।
তোমার নামে সংগ্রামে
কিনতে চাই বিপ্লব,
পতাকার রং মিছিলের গান
বৈশাখী উৎসব।
তোমার নামে মেঘের খামে
কিনতে চাই বর্ষারাতি
কত শত ক্রেতায় আদিখ্যেতায়
ভাঙে সিগনাল বাতি। বিলবোর্ডে জয়া বিজয়া
হাসি হুলুস্তুল
আর ল্যাম্পপোষ্ট ফুল।
মধ্যবিত্ত মন সারাক্ষন
পরাভূত স্বপ্ন সংকলন,
কিনতে পারিনা হায় পারিনা
সে তোমার মন।
কবি গোবেচারা দিশেহারা
কবিতায় শুন্যতা,
তোমার নামে কবিতার লাইন
চিৎকার স্তব্দতা।
চিত্রপটে বিদগুটে
একফালি হাসিমুখ,
মরা চাঁদে কে যেন কাঁদে
নাগরিক উৎসুক।
কেনাবেচার আচারে চলে
কৌশলে ভালোবাসা দুল,
আর অলিগলি ফুল।
মধ্যবিত্ত মন সারাক্ষন
পরাভূত স্বপ্ন সংকলন,
কিনতে পারিনা হায় পারিনা
সে তোমার মন।

















