কাজী.এস.আর.রাশিদা
অর্ধরাতে জ্যোৎস্না হাসে নীলাভ প্রেম চোখে
নীল প্রচ্ছেদে নীলের ব্যথা বাম পাঁজরের হাড়ে;
দীর্ঘশ্বাসে শূন্য বিজন হাসে মৃত্যু শোকে
ক্লান্ত নদী ঘুমে বিভোর নীল পয়োধির পাড়ে।
নীলের মাঝে বসত যেন নীলাঞ্জনা সুখে
আননে তার মিষ্টি হাসি পোড়ায় হৃদয় দ্রোহে
ও সায়রী বলনা তবে কি জাদু তোর বুকে
কেন জানি ঝুঁকে হিয়া তোর মায়াবী মোহে!
অপলক এক চাহনিতে দৃষ্টি নন্দন ছোঁয়া
মায়া মাখা আননশূন্যে হাসির রেখা ফোটে
সুখ আবেশে হঠাৎ ছুঁয়ে প্রেম শিশিরের ধোঁয়া
আধো রাতে নিবিড় ক্ষণে জ্যোৎস্না জেগে ওঠে।
চপলমতি শোন্ না তবে সন্ধ্যা মেঘের মেলায়
একা একা আসিছ না হয় স্তব্ধ নদীর বাঁকে
দুজন মিলে দেখব আঁধার লুকোচুরি খেলায়
কেমন করে চাঁদটি লুকায় কালো মেঘের ফাঁকে।
হয়ে সুজন দেখব দুজন নীল পয়োধির ক্রন্দন
কেমন করে নীরব স্রোতে ভাসে জলের বুকে
কেমন করে স্রোতসিনী কপালে দেয় চন্দন
কেমন করে তটিনী ফের সমুদ্রেতে ঝুঁকে!




















