মো: রেদোয়ান
আজ তুমি রমণী প্রেমের রূপে আবির্ভূত হয়েছ।
আমার কাছে জীবনের মানে বুঝতে চেয়েছ।
তোমাকে তা আমি বোঝাতে পারিনি ঠিক
দু’নয়ন তোমার যেন এক আত্মঘাতী দার্শনিক।
তোমায় ভেবে অজ্ঞেয়বাদ,
বহন করে হৃদয়ের অলিখিত সংবাদ
একঝাঁক প্রশ্ন তোমার কাছে উড়ে গেছে আজ
ইচ্ছে যদি হয় উত্তর দিও,
না হয় দিও নয়নের লাজ।
আজ তুমি রমণী ধ্রুপদী জটিলতার রূপ ধারণ করেছ।
আমার কাছে শুদ্ধ প্রেমানুভবের ব্যাখ্যা চেয়েছ।
ব্যর্থ আমি তোমাকে তা বোঝাতে পারিনি ঠিক
আমি যে পিপাসিত এক দিশেহারা নাবিক।
আমার ভালোবাসার আসলে কোন দর্শন নেই।
ভালোবাসা বলতে বুঝি তোমার অস্তিত্বকেই।
প্রেমার্ত বুকে ধারণ করি আমি তোমার ধর্ম,
তুমি মুগ্ধ প্রেমোপাখ্যানের সারমর্ম।
তুমি নিশীথ আমার, তুমিই সকাল
তুমিই বুকে অন্তরীণ সুখী মহাকাল।





















