চৌধুরী রুহাশ
মা যখন বকেন
মনে হয়
পৃথিবীর সব অপরাধের
মাথা আমি—
যত ভুল, যত দোষ
সব এসে থামে
আমার নামের কাছে।
মনে হয়,
আমি না থাকলেই
এই পৃথিবীটা একটু ভালো হতো।
ছোট ছোট ভুলগুলো
পাহাড় হয়ে জমে
তার চোখের সামনে দাঁড়ায়।
তবু—
সেই বকাঝকার ভেতরেও
লুকিয়ে থাকে একরাশ ভয়,
হারিয়ে ফেলার আতঙ্ক,
ভালো রাখার জেদ।
মা যখন আদর করেন
মনে হয়
পৃথিবীর সব সুখ
আমার ভেতর দিয়ে বয়।
তার হাসির শুরু আমার নাম দিয়ে,
তার দিনের আলো আমার চোখে পড়ে।
একটুখানি স্পর্শে
সব ক্লান্তি গলে যায়—
মনে হয়
আমি তার ছোট্ট পৃথিবীর
একমাত্র কেন্দ্র।
বুঝি তখন,
মায়ের কাছে সন্তান
একই সাথে
সবচেয়ে বড় দোষী
আর সবচেয়ে প্রিয় নির্দোষ,
একই সাথে
উন্মাদ বাতাস
আর আশ্রয়।
মা,
তুমি যখন বকো
আমি একটু ভেঙে যাই।
তুমি যখন জড়িয়ে ধরো
আমি আবার গড়ে উঠি।
তোমার চোখেই আমার বিচার,
তোমার বুকেই আমার মুক্তি।





















