পংকজ পাল
স্বর্গ নয়, স্বপ্ন নয়—
একটি কোমল হাতের ছোঁয়ায়
জেগে ওঠে আকাশজোড়া শান্তি,
সেই তো আমার মা।
ধুলোভরা পৃথিবীটাও
তার স্নেহে ধুয়ে যায় প্রতিদিন,
জীবন যুদ্ধে ক্লান্ত প্রাণ
ফিরে চায় শুধু মায়ের কোল।
অভিশপ্ত এই যুগে—
যেখানে রাগ, হিংসা, বিভাজন,
সেইখানে একমাত্র মা—
ধৈর্য্যর দীপ্ত প্রতিমা হয়ে দাঁড়ায়।
জন্মভূমির বুকে মায়ের মুখ,
একটি ভাষা, একটি বিশ্বাস—
শুধু ভালবাসা দিয়ে গড়া
একটুখানি পরম আশ্রয়।
এসো আমরা ফিরিয়ে দিই
এই ধরণীকে মাতৃরূপে—
যেখানে কেউ পর নয়,
শুধু মায়ার বন্ধনে জড়িয়ে সবাইকে।




















