কোমলমতির রুদ্ররূপ

শেখ সুলতানা মীম

কখনো তুমি মমতাময়ী রূপে
মন খারাপের সময় বসো পাশে,
মায়ার স্পর্শ দিয়ে হাত বুলিয়ে মাথায়
সকল বেদনা নিমিষে দাও মুছে।

আবার কখনো তুমি অবতারণ করো
মহীয়সী নারীর রুদ্ররূপী চরিত্রে;
কোনো অন্যায়, অত্যাচার বা রাহাজানি
পাবে না ঠাঁই এই বিশ্বব্রহ্মাণ্ডে।

সন্তানের কাছে কখনো তুমি
হয়ে ওঠো নরম তুলোর বালিশ,
আবার কখনো ঢাল হয়ে দাঁড়াও—
আসুক যত ঝড়-বৃষ্টির আভাস।

সকল গুণের অধিকারিণী তুমি,
থাকো সবার পাশে হয়ে ছায়া।
তোমার সাথে হবে না কারোর তুলনা,
কারণ তুমি তো আমার কোমলমতি মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *