অনুভূতিরা পথ হারিয়েছে


কাজী.এস.আর.রাশিদা

কতদিন হয়ে গেল কবিতার সঙ্গে কোনো যোগাযোগ নেই। নিভৃতে নীরবে এখন আর কবিতার সঙ্গে কথা হয় না। দু’এক কলম বিজনে এখন আর সৃজন হয় না শব্দের বেখেয়ালি আঁচড়ে।

কতদিন হয়ে গেল কবিতার বুকে হাঁটা হয়নি, থমকে দাঁড়িয়েছে আজ কলম বাস্তবতার কড়া হুশিয়ারে ব্যস্ততার কঠিন ভিড়ে।

কতদিন হয়ে গেল কবিতার বুক পকেট খালি পড়ে রইল।
শব্দরা এখন সাজে না নীল শাড়িতে ঘোমটা মাথায় কিংবা শব্দ কুঁচির ভাঁজে ভাঁজে।

জ্যোৎস্না এখন হাসে না শব্দের বেখেয়ালি আঁচড়ে।
যোজনে যোজনে এখন আর বিয়োজন সৃষ্টি হয় শব্দের অভাবে।
বাস্তবতা আর ব্যস্ততার কঠিন ভিড়ে শব্দরা এখন পথ হারিয়েছে নীরবে।

কবিতার বুকে এখন শুধু শূন্যতার কোলাহল।
কবিতার ধুলো জমা টেবিলের ল্যাম্পপোষ্টটা এখন অবহেলায় পড়ে থাকে অনাদরে।
ধোঁয়া ওঠা চায়ের কাপের চুমুকে এখন আর আড্ডা জমে ওঠে না।
তারাও পড়ে রয় তাদের মতো করে অবহেলাতে।

এভাবেই একদিন সব নীরবে হারিয়ে যাবে কোন এক অজানার ভিড়ে সুদূরে নিজেরই অজান্তেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *