মানব মিশ্র
ওহে বসন্ত,
রুক্ষ শুষ্ক বিরহ বদনে
কেন হেন বসি আনমনা,
কাহারো সনে আজি এই ক্ষণে
হইয়াছে বুঝি বনিবনা ?
ভুলিয়া রঙ্গ ঢাকিয়া অঙ্গ
নিজেরে লুকায়ে তায়,
কেউ কি তোমারে বাধ্য করিল
লইতে তাহার দায় !
বিদায় কহিয়া গিয়াছে বহিয়া
রহিয়া মনের সুখে,
তোমার দ্বারে আসিল ফিরিয়া
পুনরায় কোন দুঃখে ?
কহো তারে পারিবোনা আমি
বহিতে তোমার ভার,
মুখ ফিরায়ে কহিও তারে
রহিওনা তুমি আর।
ঐ দেখ চাহি সমব্যথী সাজি
দাঁড়ায়ে বৃক্ষরাজি,
তোমার রঙে রাঙাইয়া সবে
পুলকে মাতিবে আজি।
সোহাগে ভরিয়া অঙ্গে জড়ায়ে
রাখিলে পরে তায়,
যাহারা তোমা ভরসায় ভাসে
হইবে যে অসহায়।
খুশির বারতা দখিনা পবনে
আনিল তোমার তরে,
উত্তর হাওয়া আনিল দুঃখ
আসিয়া তোমার দ্বারে।
বসন্ত কহে বিদায় তাহারে
কিরূপে কহিব আমি,
প্রকৃতির নিকট দায়বদ্ধ মোরা
সময়ের অনুগামী।

















