অদ্ভুত নৈঃশব্দ্য

রবীন্দ্রনাথ মন্ডল

রান্নার গরম কড়ায় শব্দেরা ফুট খায়
আরো খায় আরো খায় আরও খাক;
তুমিতো রাঁধুনে শিল্পী তাতে কি আসে যায়
কাঠের আগুনে গ্যাসের দহনে হয়ে যাক।

কি আশ্চর্য দ্যাখো বাগানে একটাও ভীমরুল নেই
জানলা খুললে বোলতা উধাও দিগন্তে স্তব্ধতা;
কি আশ্চর্য দ্যাখো একটাও স্বোচ্চার প্রতিবেদন নেই
চ্যানেল খুললে সংবাদপত্র ওল্টালে স্বার্থের ধূর্ততা!

উইগুলো ঢিপির মতন পাহাড় সমান খাড়
খুলে খাচ্ছে ঞ্জান গরীমার শৈল্পিক সৃজন;
মানুষগুলো পশুর মতন খাবলে ধরছে ঘাড়
অকাল সন্ধ্যার ধূসরতা নৃত্য করছে মরণ!

চুপসানো বন্ধ্যা সমাজ ফাটা বেলুনের মতন
শিল্পীরা গান গাইতে জাপান জার্মান আমেরিকায়;
নর্তকীরা পেয়ালা চুমুতে মূর্খরাজের করছে যতন
বুদ্ধিজীবীরা দাঁড় বাইতে সুইজারল্যান্ড মালেশিয়ায়!

অদ্ভুত একটা নৈঃশব্দ্যের গুমোট গহন অন্ধকার
নীতির পর্দায় চরম অরাজকতা বেপরোয়া সন্ত্রাস;
কবি সাহিত্যিক ঘুমের ঘোরে ঢলঢল সমঝোতার
বুদ্ধির মূঢ়তায় মৌলিক স্বাধীনতা মূখ্যত উপহাস।

দ্যাখো দ্যাখো অদ্ভুত নৈঃশব্দ্য দিনরাত সমান
দ্যাখো দ্যাখো প্রতিবাদী মুখরা হেঁশেলের আগুনে;
দ্যাখো দ্যাখো অত্যাশ্চর্য স্তাবকেরা বহুরূপী মহান
দ্যাখো দ্যাখো বসন্ত পলাশ রক্তরাঙা ফাগুনে।

পশ্চিম বঙ্গ, ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *