চৌধুরী রুহাশ
পালটে যাওয়া কিছু মলাট
গান ধরেছে পিছু তাকার,
আমার তাতেই ঘুম ভেঙ্গেছে
বোকার সাজে ছবি আঁকার।
অট্টহাসির লাইন পড়েছে
জীবন খুবই হাস্যময়,
কান্নাগুলো লাজুক লাজুক
সুখ সেতো লাস্যময়।
আঁশটে একটা সুবাস ভাসে
মেঘের ওপার সূর্য বাড়ি,
বৃষ্টি কণায় মন ধরেছে
তোমার সাথেই একটু আঁড়ি।
আড়ি পেতে শোন তুমি
বাড়ি যাওয়ার অন্য গান,
আমি একা সুর তুলেছি
ভুলে যাওয়ার সুরাপান।
কান্না যদি আসে নাকো
মিছেমিছি কানামাছি…
সুখই বলো শোকই বলো
দুঃখের ঘরে আমি আছি।
ভালো থেকো অগোছালোয়
ভালো থেকো, থেকো আলো,
একটু হেসো পথের বাঁকে —
সব না হোক, কিছু তো ভালো।
পথ ফুরালে পথ মেলে আবার
আলো নেভে, জ্বলে আবার,
বেনামী এই ছড়ার মতো
বেঁচে থাকা চলে আবার।





















