জ্বালানি সংকট সরকারের ব্যর্থতা নাকি কুচক্রী মহলের ফাঁদ

মোঃ নূর হাবিব ইসলাম অনিক : বর্তমানে চলমান বৈশ্বিক যুদ্ধ কে কেন্দ্র করে বাংলাদেশসহ বিশ্বের প্রায় বিভিন্ন দেশে জ্বালানি সংকটের একটি প্রভাব বিস্তার লাভ করছে। বিশেষত বাংলাদেশে এই সংকটের প্রভাব ব্যাপক আকার ধারন করছে। বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী সহ জ্বালানি বিভাগের দায়িত্বে কর্মরত বিভিন্ন কর্মকর্তাগণ ও তাদের বিবৃতিতে বলেছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে। অথচ আমরা পাম্পের সামনে এর বিপরীত দৃশ্য দেখতে পাচ্ছি প্রতিনিয়ত।

এই পরিস্থতিতে দেশের সাধারণ জনগণের ভাষ্যমতে দেশে যদি পর্যাপ্ত জ্বালানি মজুত থাকে। তাহলে সাধারণ জনগণ কে কেন এতো সংকট মোকাবেলা করতে হচ্ছে ?

তাহলে জ্বালানি সংকটের সাথে সরকার বিরোধী কোন কুচক্রী মহল কাজ করছে না তো? যেমনটা আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই একটি রাষ্ট্রে যখন কোন নতুন সরকার বা নতুন শাসক শাসনভার গ্রহণ করে তখনি কিছু কুচক্রী মহল তাদের বিরুদ্ধে প্রকাশ্যে-গোপনে বিদ্রোহ সৃষ্টি করেছেন। মহানবী হযরত মোহাম্মদ (সা.) ইন্তেকালের পর ৬৩২ খিস্টাব্দে হযরত আবু বক্কর (রা.) যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন তার বিরুদ্ধে নানান কুচক্রী মহল প্রকাশ্যে-গোপনে বিভিন্ন জায়গাতে বিদ্রোহ শুরু করেন। তিনি অতি সাহসিকতা, যোগ্যতা ও দক্ষতার সাথে তাদের মোকাবেলা করেন এবং রাষ্ট্রের ভিত্তি মজবুত করেন।

মোঘল সম্রাট বাবর যখন ১৫২৬ খ্রিস্টাব্দে মোঘল শাসন প্রতিষ্ঠা করেন তখনও তিনি নানান বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করে রাষ্ট্র ব্যবস্থা নতুন করে পূর্ণ গঠন করতে হয়েছিল। ইতিহাসে এসব অসংখ্য উদাহরণ রয়েছে।

এখন কথা হচ্ছে বর্তমান সরকার যদি মনে করে যে তারা নতুন সরকার গঠন করেছেন। যার ফলে সরকারের ব্যর্থতা প্রমাণ করানোর জন্য বিভিন্ন কুচক্রী মহল সরকারের বিরুদ্ধে জ্বালানি সংকটের নামে কৃত্রিম সংকট তৈরি করে দেশের জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে প্রতিনিয়ত। তাহলে বর্তমান সরকারের উচিত তাদের কে খুজে বের করে অতিদ্রুত শাস্তির আওতায় আনা এবং সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সর্বোপরি, দেশের মধ্যে সুশাসন নিশ্চিত করতে হবে। একটি শব্দ মনে পড়ে গেল, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। উতাল সমুদ্রই কিন্তু দক্ষ নাবিক তৈরি করে। দেশের এই উতাল সময়ে সরকার যদি কঠোর হস্তে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে এই জ্বালানি সংকট মোকাবেলা করতে পারে তাহলে সরকারের ভিত্তি অনেক মজবুত হবে বলে আশা করছি।তাই জ্বালানি সংকট নিরসনের জন্য সরকারকে অতিদ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

লেখক : শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *