সান্ধ্যাভিমান

মো: রেদোয়ান

এই গোধূলিতে,
যদি না তাকিয়ে চেয়ে রও আকাশের দিকে 
আর আকাশটাও তোমার পানেই চেয়ে রয়,
যেন তবে আকাশের অন্দর হতে আমার হৃদয় 
অলিখিত মিশ্রানুভবে করে স্মৃতি সঞ্চয়। 

তোমার চুলের মতো সন্ধ্যায়
কথা হবে ভেবে বসে থাকা গোলাপের সাথে
যদি না-ই করো সদালাপ,
ভাগ্যদোষ ভেবে সয়ে যাব একটি জীবন 
মেনে নেব সভ্যতার সব পাপ।
ভেবে নেব দিনান্তে কেবল অসুখের রাত আসে 
তুমি চেয়ে রও আনমনে সেই কবেকার প্রাচীন আকাশে। 

যদি হাতের উষ্ণতায় না-ই দাও অধিকার 
শীতার্ত শহুরে পাথরের মতো নির্বিকার 
হয়ে যাবে আমার দু’টি হাত,
হারিয়ে ফেলবে তারা বোধ
ভালোবেসে গোলাপ উঁচিয়ে ধরে নেবে না প্রতিশোধ। 

ঠোঁটে যদি তোমার না জাগে অঙ্গার 
বৃথা হবে অস্তিত্ব চির যৌবনা পূর্নিমার 
বৃথা হবে সব উৎসব- দিন, ক্ষণ, মাস
বৃথা হবে বাক্যালাপ-প্রাণবন্ত আশ্বাস। 

এতোটা কাছে থেকেও যদি দূরে থাকে বুক
তবে পৃথিবীর উঠোনে শুধু বিষাদ নামুক।
জগতের সুখের পিঠে সহস্র চাবুক
নেমে আসুক, নেমে আসুক।

অভিমানে এই সন্ধ্যার সমাপ্তিতে
ফিরে যাব আমি আবার নির্জনতার চাষে,
একান্ত সন্ন্যাসে।
তুমি চেয়ে থেকো ঠিক এমনি নিদারুণ পরিহাসে
মহাকাল সম বেদনার্ত মহাকাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *