তাসফিয়া আলম
তোমার আসার কথা ছিল তাই-
নক্ষত্ররা তোমার অপেক্ষায় আছে।
তুমি আসবে বলে-
মেঘ বৃষ্টি হয়ে নেমেছে।
তোমার অপেক্ষার প্রহরে
হাসনাহেনা ঝরে যায়নি
সুবাসিত করেছে প্রতিটি ঘ্রাণ।
কিন্তু তুমি আসো নি বলে-
ক্লান্ত নক্ষত্ররা হয়ে গেছে বিলীন,
থেমে গেছে বৃষ্টি,ঝরে গেছে হাসনাহেনা।
তুমি আসো নি তাই-
হলো না আজ বৃষ্টিবিলাস,
হাসনাহেনার ঘ্রাণে শিহরিত হওয়া,
নক্ষত্রের পানে চেয়ে থাকা।
সবই রইলো অপূর্ণতায় সুপ্ত,
শুধু রয়ে গেল অপেক্ষারা
নিভৃতে অবিরাম, অবিরত।





















