কার তাতে কি

চৌধুরী রুহাশ

নেতা বলে ভোট দাও,
ভোট গেলে মুখ লুকাও —
কার তাতে কি, কার তাতে কি!
রাস্তা ভাঙা, খাল ভরা,
বৃষ্টি এলে ডুবে মরা —
কার তাতে কি, কার তাতে কি!

চাল ডালের দাম চড়া,
বাজার গেলে মাথা ঘোরা —
কার তাতে কি, কার তাতে কি!
বস বলেন কাজ করো,
মাস শেষে বেতন ধরো —
কার তাতে কি, কার তাতে কি!
অফিসে তেল মারলে পার,
সৎ মানুষের নাই দরকার —
কার তাতে কি, কার তাতে কি!

শাশুড়ি বলেন ছেলে সোনা,
বউয়ের কথা কেউ শোনো না —
কার তাতে কি, কার তাতে কি!
শাশুড়ী বলেন মেয়ে আমার সেরা
জামাইয়ের যে রগ ট্যারা –
কার তাতে কি, কার তাতে কি!
পাড়া বলে, “ঝগড়া নাকি?” দরজাতে দেয় কান,
ভিতরে কিন্তু চায়ের কাপে ভাসে মিষ্টি টান।
কার তাতে কি, কার তাতে কি!

সরকারি বেডে মশা কামড়ায়,
প্রাইভেটে গেলে পকেট খায় —
কার তাতে কি, কার তাতে কি!
ডাক্তার বলেন টেস্ট করো,
রিপোর্ট নিয়ে নিজেই মরো —
কার তাতে কি, কার তাতে কি!
ওষুধ লেখেন কোম্পানি দেখে,
ফি-টা নেন তিনি হাসি মেখে —
কার তাতে কি, কার তাতে কি!
স্যার ক্লাসে তাকান ছাদে,
বইয়ের পাতা ঘুমে বাঁধে —
কার তাতে কি, কার তাতে কি!
কোচিং খুলে হাসেন শেষে,
টাকা ঢোকে ঢেউয়ের বেশে —
কার তাতে কি, কার তাতে কি!
কোর্টে শুধু তারিখ পরে,
উকিলবাবু খাতা ভরে —
কার তাতে কি, কার তাতে কি!

নিউজে সব হইচই হইচই,
সত্যি কথা পড়ে রই —
কার তাতে কি, কার তাতে কি!
সত্যি কথা কোণে কাঁদে,
মিথ্যে নাচে রঙিন সাধে —
কার তাতে কি, কার তাতে কি!
জ্যামে বসে ঘামে ভেজা,
ফ্লাইওভার হলো কার কাজে যা —
কার তাতে কি, কার তাতে কি!
সোশ্যালমিডিয়ায় সুখী সবাই,
ঘরে ফিরে কাঁদে তবুও ভাই —
কার তাতে কি, কার তাতে কি!

নদী মরে, গাছ কাটে,
উন্নয়নের ঢাক পাঠে —
কার তাতে কি, কার তাতে কি!
দেশে যত অনিয়ম,
“কিছু হবে না” এই নিয়ম —
কার তাতে কি, কার তাতে কি!!

জেগে ওঠো, বলো সবাই —
“আমার তাতে কিছু যায়!”
কার তাতে কি — আমার তাতে কি!!
জেগে ওঠো, বলো সবাই —
নীরব থাকা পাপ যে ভাই।
আজ যদি বলো — “কার তাতে কি!”
কাল তোমার কণ্ঠই কাঁদবে ঠিকই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *