শেখ সুলতানা মীম
দিনের সেই সূচনালগ্ন থেকে রাতের নিঝুম প্রহর,
তোমাদের পদচারণায় মুগ্ধ থাকে গ্রাম থেকে শহর।
মাঠের কড়া রোদ থেকে অফিসের প্রান্তরজুড়ে—
নিরলস পরিশ্রমে কেটে যায় তোমাদের প্রতিটি ঘোরে।
তোমাদের শত রূপ, শত শত রঙিন সৃষ্টি,
কৃষক হয়ে অন্ন জোগাও, রাখো সজাগ দৃষ্টি।
সমৃদ্ধ করো আমাদের এই দেশের উর্বর মাটি,
কখনো কামার, কখনো কুমোর হয়ে জেলে-চাষি।
আজকের দিনে তোমরাই ধারক, তোমরাই বাহক,
আনন্দভরে সম্পন্ন করো প্রতিটি দায়িত্ব ও কাজ।
এই দুনিয়ায় তোমরাই হলে বাস্তবিক নায়ক,
আমাদের কাছে তোমরাই সবচেয়ে বড় প্রাপ্তি আজ।
তোমরাই জ্বালো আলোর রাশি অন্ধকার গুহায়,
গড়ে তোলো ভেঙে পড়া অট্টালিকার দেয়াল।
তোমাদের হাতের ছোঁয়ায় সজীব হয়ে ওঠে—
রসহীন মাটিতে লুকিয়ে থাকা মৃত গাছের ডাল।
সভ্যতার ভিত হয় আরও মজবুত ও শক্তিশালী,
যদি থাকে তোমাদের মতো পরিশ্রমী শিকড়।
আদি থেকে আধুনিক যুগের পৃথিবীর ইতিহাসে,
তোমরাই এই নব সভ্যতার চিরন্তন কারিগর।





















