মারজিয়া তাবাসসুম
ওরা কাজে ব্যস্ত ভীষণ,
ক্ষেত-খামারের মাঠে,
তপ্ত দুপুরে মুক্তো ঝরে,
সৌরভ হয়ে ফুটে।
গরিব হয়ে জন্ম যাদের,
শ্রমবাজারে নেইকো মান,
তেতলার ওই মানুষের ঝাড়িতে
সাজে না তাদের অভিমান।
রাত্রিদিন কাটে জ্বরে,
কষ্ট কাঁখে যার,
তাদের ব্যথা বুঝে না কেউ,
ক্ষুধায় জ্বলে উদর তার।
পায়ে তাদের ব্যথা অনেক,
তবুও চাপে প্যাডেল,
মানবসেবার সমাজপতিরা
জিতে নেয় মেডেল!
ফুটো জালে বিল সেঁচে যে
কই ধরে আনে,
সে কই-ই আবার উদর ভরে
লাখপতি সচিবের।
তীব্র রোদে ইট ভাঙে যে,
দেহ ঝলসে যায়,
খোঁজ কে আর রাখে তাদের-
বউ-ছেলে তার অনাহারে দিন কাটায়।





















