মো. জাহিদ হাসান
আমি ভালোবাসি লাল রাঙা ফুল,
সবুজ ঘাসের মাঠ,
এঁকেবেঁকে চলা ছোট নদী কূল,
গোধূলির খেয়াঘাট।
ভালোবাসি ঐ দখিনের হাওয়া
যেখানে প্রাণ জুড়ায়।
ভালোবাসি সাদা বক উড়ে যাওয়া,
সেখানে দিন ফুরায়।
পাঠশালা থেকে ফিরে ভালোবাসি
ফুটবল পুরোদমে।
বড় পুকুরের জল ভালোবাসি,
গোসল সেখানে জমে!
রাতে ভালোবাসি মায়ের বকুনি,
বাবার বেত্রাঘাত।
খেতে ভালোবাসি রুই, থানকুনি,
গরম গরম ভাত।





















