নিঃশব্দের গল্প

রানা সোহেল মেঘদূত

বৃষ্টি হচ্ছে খুব।
শির শির ঝির ঝির।
বৃষ্টির এ নিঃসঙ্গ গান শুনতে পাচ্ছো?
আমি কিন্তু শুনতে পাচ্ছি।
শুনতে শুনতে ভ্যানগঁগের আঁকা ছবির ছায়াহীনতায় খুজছি তোমার ছায়া।
শুনতে শুনতে তোমার গন্ধ শুঁকি
সূর্যমুখীর রক্তিম হলুদে আভায়।
এমন বৃষ্টি দিনে কোনো এক শিল্প আড্ডায় শুনেছিলাম
ভ্যানগর্গ তাঁর কানটি কেটে উপহার হিসেবে পাঠিয়েছিলেন প্রিয়তমার দরবারে।
তখন ভালোবাসার মানে বুঝিনি।
এখন বুঝি ভ্যানগর্গ বোকা প্রেমিক।
এখন বুঝি,ভালোবাসা মানে শুনা,
ভালোবাসতে হলে শুনতে হয়।
আমি আমার কান সজাগ রাখি
তোমার পায়ের আওয়াজ শুনবো বলে।
শুনবো ভালোবাসার কান্না হাসি।
আমি কান পেতে শুনবো
জোছনার গল্প।
তারাদের উড়োউড়ি
জোনাকির নৃত্য।
আমি কান পেতে শুনবো
বৃক্ষের,শেৃকড়ের,নিঃশব্দের সুর।
ভালোবাসতে জানলে
শুনতে হয়
সবুজের,,জলের শব্দ।
বোকা ভ্যানগগের হয়তো আর কিছুই শুনবার ছিলোনা বলে কান কেটে পাঠিয়েছেন।
কিন্তু আমার এখনো অ নে ক বাকি
তোমাকে আরো ভালো বাসিবার।
তাই এখনো শুনতে ব্যাকুল বৃষ্টির গান।
শিশিরের, দূর্বাঘাসের কথোপকথন।
এখনো মাটির,কাঠগোলাপের
গন্ধ শুঁকে
গন্ধ শুনি।
ভালোবাসার এমনই দিন
যাচ্ছে যাক।
এখনো ফেনিল ঢেউয়ে গাঙচিলের,
বনোঝাড়ে ময়ুরের পেখম কিংবা
শালিকের নিঃশ্বাস শুনি।
ভালোবাসতে হলে যে শুনতে হয়।
ডালে কাঠবিড়ালির দৌড়ঝাপের শব্দ শুনি
আকাশে গর্ভবতী মেঘের কিংবা তোমার শহরের নিয়ন আলোর গোঙানী শুনি।
আমার মতো কি এক অজানা ব্যাথায়।
এখনো মনটা কাঁদতে পারে।
এতো ব্যস্থতার ভেতর মাঝে মাঝে
বেমালুম ভুলে যাই ভালোবাসতে জানি।
আমি এক প্রেমিক।
তাই বৃষ্টির গান শুনি,,
নির্ঝর,, নৈঃশব্দের গল্প শুনি।
যেন ভুলে না যাই
ভালোবাসার নিঃশব্দতাকে।
আমার চোখের কান্না,
আমার আকাশের বৃষ্টির গান শুনে
বুঝতে পারি
এখনো ভালোবাসি তোমাকে।
বুঝতে পারি,
ভালোবাসা মানে তোমার গল্প শুনা।
চিরকালের হাওয়ায় হাওয়ায়।
একলা একা বনসাঈ স্মৃতির
পাঠাতনে একলা প্রেমিক।
আমার এখন বেহুলা সুর
তোমার ছবির শব্দ শুনেই
রাত্রী পড়ি।
সকাল সাজাই।
ভালোবাসার এমনই দিন
যাচ্ছে যাক।
নিঃশব্দ এই শব্দগুলো আমার হলো
আমার হলো অমর হয়ে।
বিরহ নিংড়ানো উৎসবে।
এই শহরে আমার একলা বসত
ভালোবাসার বুনন শিল্পে
নিরবতার শব্দ ভাসাই,
তোমার সে চলে যাওয়া পথটা ছুঁয়ে।
ভালোবাসার এমনই দিন
যাচ্ছে যাক
যাচ্ছে যাক।
দিন হয়তো যায়,,
হৃদয় বসে থাকে অপেক্ষা নামের
গহীন তরঙে।
তোমাকে শুনবো বলে।
তোমার পায়ে জল স্পর্শের শব্দ
শুনবো বলে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *