খাদিজাতুল খোরশেদ খুশি : নদীমাতৃক এই দেশের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌপথ। সারাবছরই লোকজন নৌপথে যাতায়াত করে। আমাদের দেশের দক্ষিণাঞ্চলের মানুষ সাধারণ লঞ্চে চলাফেরা করে। ঈদ বা উৎসবের সময় হাজার হাজার মানুষ বাড়ীতে ফিরে লঞ্চে। কতিপয় যাত্রী মাঝ নদীতে ট্রলারে করে গিয়ে লঞ্চে উঠে জীবন ঝুঁকি নিয়ে। ট্রলারে মাঝ নদীতে গিয়ে লঞ্চে উঠার বেশ কয়েকটি কারণও রয়েছে। যেমন: অতিরিক্ত যাত্রীচাপ থাকলে অনেকেই ভীড় এড়িয়ে গিয়ে মাঝনদীতে লঞ্চে উঠে, কোনো কারণে লঞ্চ মিস করলে, সময় বাঁচাতে প্রভৃতি। ফলস্বরূপ নানান দুর্ঘটনা ঘটে।
সম্প্রতি ঈদে বাড়ী ফেরার জন্য ট্রলার থেকে যাত্রী লঞ্চে উঠার সময় পেছন থেকে অন্য লঞ্চ এসে ধাক্কা দেয়ায় একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এমন প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই চলমান রয়েছে, নেই কোনো আইনগত ব্যবস্থা। সর্বোপরি ট্রলার দিয়ে লঞ্চে যাত্রী উঠানো একটি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজ।এমন ঝুঁকিপূর্ণ কাজ যেন পরবর্তীতে আর না ঘটে সেদিকে কর্তৃপক্ষের নজরদারি করা প্রয়োজন। লঞ্চ টার্মিনালে ট্রলারের যাতায়াত ও এর মাধ্যমে যাত্রী ওঠানো সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোর নজরদারি বৃদ্ধি করতে হবে। তাহলে মানুষের নৌ পথে চলাচল কিছুটা হলেও নিরাপদ হবে।
লেখিকা : শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।





















