খাবারের সঙ্গে পানি খাওয়া নিয়ে বিভিন্ন মতামত

বাংলাপত্র ডেস্ক: খাবারের সঙ্গে পানি খাওয়া নিয়ে নানা মত প্রচলিত। কেউ বলেন এতে হজমে সমস্যা হয়, আবার কেউ মনে করেন শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। খাবারের সময় এক গ্লাস পানি কি সত্যিই ক্ষতিকর, নাকি এটি কেবল একটি ভুল ধারণা?

আমরা যখন খাবার চিবাই, তখনই হজমের সূচনা হয়। মুখের লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালায় থাকা এনজাইম খাবার ভাঙতে সাহায্য করে।

খাবার পাকস্থলীতে পৌঁছে অ্যাসিডিক রসের সঙ্গে মিশে এবং ভেঙে “কাইম” নামে আধা তরল অবস্থায় পরিণত হয়। এটি ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে, যেখানে অগ্ন্যাশয়ের এনজাইম ও যকৃতের পিত্তরস মিলিত হয়ে খাবারকে আরও সূক্ষ্মভাবে ভেঙে দেয় এতে পুষ্টি সহজে শোষিত হতে পারে। অধিকাংশ পুষ্টি ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়। বাকি অংশ বৃহদান্ত্রে প্রক্রিয়াজাত হয়ে শরীর থেকে বের হয়ে যায়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাধারণত ২৪ হতে ৭২ ঘণ্টা সময় লাগে।

প্রত্যেক দিন পর্যাপ্ত পানি পান করা শরীরের জন্য জরুরি। এক্ষেত্রে খাবারের সময় পানি খাওয়া নিয়ে কিছু প্রচলিত ধারণা রয়েছে যা সকল সময় সঠিক নয়।

খাবারের সঙ্গে পানি খাওয়ার কিছু উপকারিতাও আছে। এটি বড় খাবারের কণা ভেঙে সহজে গিলতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। পাশাপাশি এটি অন্ত্রের ভেতরে খাবারের চলাচল সহজ করে, ফলে গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমতে পারে।

পাকস্থলী নিজেও হজমের সময় কিছুটা পানি তৈরি করে, যা এনজাইমকে কার্যকর রাখতে সাহায্য করে। তাই খাবারের সঙ্গে পানি খাওয়া এড়িয়ে চলার মতো কোনো শক্ত বৈজ্ঞানিক কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *