কৃষকের কান্না

শেখ সুলতানা মীম

আকাশ যখন আনন্দে নেচে গেয়ে ওঠে,
কালো মেঘের শাড়ি পরে এদিক-ওদিক ছুটে।
পায়ে বাজে বৃষ্টিধারার ঝমঝম নুপুর,
মুখে তার তালের সাথে বাজে বিদ্যুতের সুর।

তাহার সেই আনন্দধারা জমিনে এসে পড়ে,
কিন্তু শেষে তা রূপ নেয় দুঃখের সাগরে।
ভাসিয়ে দেয় ঘর-বাড়ি, ফসল যত ছিল,
শেষ সম্বল হারিয়ে কৃষক হয়ে যায় নিঃস্ব।

অঝোর ধারায় বৃষ্টি নামে ক্লান্তিহীন চোখে,
সেই বৃষ্টি নয় যে হায় আনন্দের সুখে।
চোখ দু’টি উষ্ণ হয়ে ভরে ওঠে জলে,
গড়িয়ে পড়ে টলমল জল কালো কপোল বেয়ে।

মাঠে ঘাটে হটাৎ হানে বিদ্যুতের ঝলক,
বাজ পড়ে অনেকেই হয়ে যায় নিথর।
পরিবার-পরিজন বুকে বেঁধে পাথর,
আপনজনের তরে তারা খুঁড়ে নীরব কবর।

প্রকৃতির এই কালো ধোয়ায় ডেকে যায় জমিন,
চারিদিকের সবকিছুই হয়ে যায় বিলীন।
নিঃস্ব হয়ে বসে থাকে কৃষক নীরব প্রাণে,
কান্নার সুরে ভেসে ওঠে বেদনা তার গানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *