সাবিহা তারান্নুম মিম : সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে উঠে এসেছে টিকা কর্মসূচির অনিয়ম। স্বাস্থ্য অধিদপ্তর পরিসংখ্যান অনুযায়ী দেশে হামে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই যাচ্ছে। যা প্রতিফলিত করছে দেশের স্বাস্থ্যসেবার দুর্বলতা। বিশ্লেষণ অনুযায়ী, সঠিক পরিকল্পনার অভাবে মাঠ পর্যায়ে সেবার সংকট এর জন্যে দায়ী। পাশাপাশি দীর্ঘকালীন টিকা কার্যক্রম ব্যাহত, অর্থায়ন জটিলতা এবং মাঠপর্যায়ে সরকারি সেবাকর্মীর ঘাটতিও দেশের এই সংকটকালীন পরিস্থিতির জন্যে দায়ী। তাই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে টিকাদান কার্যক্রম এই সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে অতীব জরুরী। মূলত টিকা প্রদানের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এলাকাভিত্তিক কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোই টিকাদান কর্মসূচির মূল ভিত্তি। ফলে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়তে আমাদের প্রতিটি গ্রাম এবং শহুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রের কার্যক্রমের সক্রিয়তায় বিশেষ নজরদারি করতে হবে। সকল প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে বাজেট পেশ করতে হবে। প্রয়োজনের অনুপাতে পর্যাপ্ত পরিমাণে টিকা সরবরাহ নিশ্চিত করতে হবে। দক্ষ পেশাদার স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী নিয়োগ স্বচ্ছতায় মনোযোগী হতে হবে। সরকারকে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর পরিবার পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম তদারকি করতে হবে। একটি নির্দিষ্ট সময়কাল পরপর স্বাস্থ্য সেবা কেন্দ্রের কার্যক্রম ও সক্ষমতা মূল্যায়ন মা ও শিশু স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করবে। তাই প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উপর সঠিক নজরদারি এবং উন্নত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
লেখিকা : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, সমাজকর্ম বিভাগ,ঢাকা।





















