হৃদয় রাজ বাড়ৈ
আমার বাবার মুষ্টি বদ্ধ হাত
লড়াই করে জোগায় আমার ভাত,
আমার কাটে নিত্য সুখে দিন
আমার বাবার নিদ্রা হীনা রাত।
আমায় রেখে এসির হাওয়ার তল
আমার বাবার ঘাম ঝরে রোজ মাঠে,
আমার তেষ্টায় পিউরিফাই জল
বাবার তেষ্টায় বিল ডোবার জল জোটে।
পৌষের শীতে লেপের নিচে
যখন আমি ঘুমাই,
তখন বাবা চান্দার বিলে আছে
রাত্রি জেগে পয়সা করতে কামাই।
সারাটি রাত মাছের পিছে ছোটে
শীত শিহরন ঝুপিতে দেয় কোপ,
বড়শী ফেলে দম পেতে রাত কাটে
কষ্ট বৃথাই, মাছ যদি না খায় সে রাতে টোপ।
আমার বাবা কৃষক মজুর জেলে
আমার বাবা ফসল করে রোপণ,
আমার বাবা জলেতে জাল ফেলে
বাবার চোখে আমার সুখের স্বপন।
আমার বাবা শ্রম বিকিয়ে অর্থ আনে রোজ
তার শ্রমেতেই মানুষ আমি এখন,
আমার বাবা ফোন করে নেয় খোঁজ,
কলেজ শেষে ক্লান্ত বেশে ঘরে ফিরি যখন ।
আমার বাবা সারা জনম খেটে
পরের বোঝা টেনেও সে ক্লান্ত হয় নি তবু,
আমার বাবা মস্ত শ্রমিক বটে
অভাব কি তা আমায় বাবা বুঝতে দেয় নি কভু।
আমার বাবা আমার সুখে হাসে
আমার বাবা আমার দুঃখে কাতর,
আমার বাবার পরিশ্রমের দেহ
বিলাসিতা ত্যাগ করা এক পাথর।
জীবনে তার কষ্ট জলের বৃষ্টি যদি নামে
আমার বাবা মুখ ফুটে না বলে,
রোদে পুড়ে কাজ করে সে ঘামে
তবুও বাবার কাজ অবিরাম চলে।
আমার বাবা পেরোয় নি বিদ্যালয়ের চৌকাঠ
জানে না সে ধরতে কলম হাতে,
তবুও বাবা চাষ করেছে আমার জীবন মাঠ
সুশিক্ষায় শিক্ষিত এক সোনার ফসল পেতে।
আমার বাবা সাধক সর্বত্যাগী
আমার বাবা মে দিবস এর রতন,
আমার বাবা আমার সুখের লাগি
গায়ের রক্ত জল করেছে, করে নি নিজ যতন।
আমার মুখে অন্ন দিয়ে তুলে
আমার বাবার অনাহারী দিন,
আমার জীবন সকল সপে দিলেও
শোধ হবে না আমার বাবার ঋণ।
বাবা আমার হৃদয় মাঝে রবে
বাবা মহান মে দিবস এর যোদ্ধা,
থাকবো আমি যতদিন এই ভবে
বাবার প্রতি অটুট থাকবে শ্রদ্ধা।
করতে যেন পারি বাবার সেবা
বাবা আমার সকল সুখের চাবি,
ভালো থাকুক সুস্থ থাকুক বাবা
বিধির কাছে এই টুকু মোর দাবী।





















