২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দাওকান্দি সরকারি কলেজ পরীক্ষা চলাকালীন এক শিক্ষিকাকে জুতাপেটা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
কলেজের আর্থিক হিসাব চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার পরদিন ২৪ এপ্রিল ২০২৬ তারিখে বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার সময় পরীক্ষাকেন্দ্রে থাকায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, ‘বিভিন্ন সময় কলেজে এসে তারা আয় ব্যয়ের হিসাব চাইতেন, মূলত চাঁদার দাবিই ছিল তাদের মূল উদ্দেশ্য। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি।’
স্থানীয় বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার অভিযোগ, শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে আমাদের ওপর হামলা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের অভিযোগ, চার মাস আগে অধ্যক্ষ হিসেবে যোগ দেয়ার পর থেকেই বিএনপির বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরোধের সূত্রপাত ঘটে।





















