হৃদয় রাজ বাড়ৈ
ভুবন যেন মৃত্যু ক্ষুধার
মহাকালের ভোজনালয়,
জীবনটাকে খাবার তরে
মরণ সদা দাঁড়িয়ে রয়।
পথের ধারে রাস্তার মোরে
ভিক্ষা করে এক ভিখারি,
হাত পেতে সে পয়সা চেয়ে
গজল শুনায় শুনায় জারি।
ও মামনী, ও দাদাভাই,
দিন না প্লিজ ” একটি টাকা,
পেটের দায়ে ফুটপাতেতেই
সারাদিন তার দাঁড়িয়ে থাকা।
মৃত্যুটাও তেমনি করে
রাস্তা ঘাটে দাঁড়িয়ে থাকে,
হাত পেতে রোজ জীবনটাকে
ভিক্ষা করে নেয় সে ডেকে।
পাশের বাড়ির অনাহারী
কাঙ্গালিনী যে শিশুটি,
ক্ষুধার লাগি এক মুঠোভাত
ভাগাড় হতে নেয় রোজ খুঁটে।
তেমনি যেন মৃত্যু ক্ষুধা
জীবনটিকে খাবার তরে,
যখন যেথায় পায় কুড়িয়ে
আহার মেটায় মুখে পুরে।
অনাহারী পায় না আহার
সময় তাহার যদি না হয়,
অন্ন জোটে কখন কাহার?
কে বা কখন অভুক্ত রয়?
জীবন-মরণ – তৃষ্ণা-ক্ষুধা
সব বিধাতার দান,
সময় হলে মিটে তৃষা-
ক্ষুধার অবসান।





















