কদম ফুলের ঋণ


চৌধুরী রুহাশ

রুহ ছিঁড়ে বেরিয়ে আসে সহস্র পায়রা,
তোমার কথার ঝড়ে —
ছিটকে পড়ে মন,
রক্তাক্ত ডানায়
মেলে দেয় শেষ বয়স।

কত খুনসুটি ক্ষত আঁকে
চাঁদের রেলিঙে, নীরবে —
তারার হাটে কুয়াশা হয়ে হেঁটে যায়
মেঘেদের অপ্রকাশ সওদা।
সূর্যের বন্ধ দরজায় কড়া নেড়ে যায়
বিগত জন্মের কদম ফুল।

সেই কদম ফুলের ঋণ শোধ হয় না,
শুধু বর্ষায় বর্ষায় গন্ধ হয়ে ফেরে।
রুহের ভেতর —
অন্ধকারের ভাঁজে ভাঁজে —
বর্ষার ছাতা বুনছে
আমার আমি,
একা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *