দুষ্টু লোকের মিষ্টি বোল


কাজী.এস.আর.রাশিদা

মিষ্টভাষী-মধুর হাসি
অন্তরের যার বিষ;
কথার ছলে-হৃদয় গলে
দেয় রে মোহের শিস।

যখন ঝোঁকে-দুষ্ট লোকে
মনে নানান ছল;
পড়লে ফাঁদে-সবাই কাঁদে
ঝরে চোখের জল।

ভুরি ভুরি -ছলচাতুরি
মুখে মিষ্টি বোল,
হলে হাসিল-তোলে প্রাচীল
খোঁজে স্বার্থের কোল!

অর্থের গন্ধে-নতুন ছন্দে
ধরে সাধুর বেশ,
অর্থ পেলে-ডানা মেলে
ভাঙে মোহের রেশ।

থাকতে ঢাকো-যদি হাঁকো
অসৎ সঙ্গের লোক;
সমাজ মাঝে-কথা কাজে
রইবে না আর শোক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *