হৃদয় রাজ বাড়ৈ
তুমি সবার পিয়াস মেটাও
ধন্য তুমি জল,
তোমায় পান করিলে প্রাণ বাঁচে
তুমি অমৃত ফল।
কেউ বলে জল – অম্বু- বারি,
কেউ বা বলে পানি,
যে নামে যে ডাকুক তোমায়
সবাই মোরা চিনি।
পুকুর, কুয়া – সাগর, নদী,
নলকূপেতে থাকো,
বৃষ্টি হয়ে মর্তে নেমে
জীবকে সতেজ রাখো।
ঝর্ণা হয়ে পাহাড় বেয়ে
নামলে তুমি নিচে,
তোমার কৃপায় মৃত নদী
উঠলো আবার বেঁচে।
গঙ্গা হয়ে নামলে তুমি
ভৈরবের ঐ জটে,
মানব তোমার করলো পূজা
গঙ্গা নদীর ঘাটে।
তোমার বুকে ভেসে বেড়ায়
মৎস্য – মকর – শেওলা,
তোমার বুকে স্নান করিলে
ধুয়ে যায় সব ময়লা।
তুমিই তো সেই ভোরের শিশির,
তুমিই ঝিলের জল,
তোমার বুকেই ফুটে ওঠে
শাপলা – শতদল।
তব মহিমার মহা স্রোত ধারা
বয়ে চলে অবিরাম,
হে স্রোতস্বি – সুজলেশ্বরী
তোমায় সহস্র প্রণাম।





















