চৌধুরী রুহাশ
সম্পর্ক হচ্ছে জলের মতো
মুঠোয় ধরে আটকে রাখা যায় না —
একটুখানি ফাঁক পেলেই
ভেসে যেতে চায়,
গড়িয়ে যেতে চায়,
নিজের পথ নিজেই খুঁজে নেয়।
তুমি বলবে — জল তো আটকে থাকে
পাত্রে,
বোতলে,
ট্যাংকে,
বাঁধে।
হ্যাঁ, থাকে।
কিন্তু সেটা কি জলের ইচ্ছে?
নাকি… পাত্রের জোর?
সম্পর্কও ঠিক তেমনই আটকে থাকে
টাকায়,
সম্পদে,
বিলাসিতায়,
সুবিধার হিসেবে,
প্রয়োজনের খাতায়।
কেউ থাকে আলোর কারণে,
কেউ থাকে আঁধারের ভয়ে,
কেউ শুধু থাকে —
বাইরে কী আছে জানে না বলে।
আর আমরা এই থাকাটাকেই
ভালোবাসা বলে চিনে নিই।
এই বন্দিত্বকেই
আবেগের মলাট পরিয়ে
সম্পর্ক বলে ডাকি।
“সম্পর্ক টিকে থাকে ভালোবাসার পরম যতনে” —
কথাটা শুনতে সুন্দর,
বলতে আরামদায়ক,
লিখতে কাব্যিক।
কিন্তু এইটুকু সত্য —
এ এক বিশাল বিভ্রম।
সযত্নে গড়া
মিথ্যে অজুহাত।
কারণ যে জল সত্যিই মুক্ত,
সে পাত্র মানে না।
আর যে সম্পর্ক সত্যিই ভালোবাসার,
সে আটকে থাকে না —
সে থাকে,
নিজেই থাকে।
কেউ না ধরলেও… থাকে।
আর যেটা ধরে রাখতে হয় —
বুঝে নাও
সেটা জল নয়,
সেটা অভ্যাস,
সেটা ভয়,
সেটা অন্য কিছু।
ভালোবাসা নয়।





















