হৃদয় রাজ বাড়ৈ
কালের নায়ের হাল ভেঙেছে
কলির হয় নি শেষ,
কালের কোপে কপোকাত আজ
কলঙ্কময় দেশ।
কাঁদছে শিশু, কাঁদছে নারী
কাল সেজেছে নর- আনারী,
মানুষ রূপী নরপশুর
অত্যাচারের প্রকোপ ভারি।
কদাচারী কাকচক্ষুর
দৃষ্টানলে পুড়ছে ধরা,
সৃষ্টি যেন কলের পুতুল
কালো জাদুর মায়ায় ভরা।
কাল-কলঙ্কের তন্ত্র মন্ত্রে
যখন তখন যে যাহারে,
মারছে মনের ষড়যন্ত্রে
কালরাত্রির অন্ধকারে।
আর কতকাল হীনবলে
বন্দী রবে মাটির ধরা,
কোন বিবেকের বাহুবলে
কোন প্রভাতে ভাঙবে কারা।
মানব মনের ভাঙবে যবে
মানবতার বন্ধ দ্বার,
তবেই হবে অরুন উদয়
ঘুচবে কালো অত্যাচার।





















