আতিয়া বিনতে শাহিন : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও গ্রামে তরুণ সমাজের মাঝে নৈতিক মূল্যবোধ আজ হুমকির মুখে। মাদকাশক্তি থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন বিষয় তাদের কাছে এখন দৈনন্দিন স্বাভাবিক কার্যকলাপে পরিণত হয়েছে। তরুণ সমাজের এই বেপরোয়া জীবনযাপন সমাজে সৃষ্টি করেছে অস্থিতিশীল অবস্থা যা রূপ নিচ্ছে অরাজকতায়। ফলশ্রুতিতে মারামারি, হানাহানি, চুরি এমনকি ধর্ষনের মতো জঘন্য অপরাধও প্রতিনিয়ত সমাজে হয়ে আসছে। মূলত পারিবারিক শিক্ষা প্রদানে অসচেতনতা, শিক্ষা ব্যবস্থার দূর্বলতা, অতিরিক্ত অনলাইন আসক্তি এবং শৃংখলার অভাবে তাদের নৈতিক অবক্ষয় যেনো বেড়েই চলেছে। এজন্য পরিবারে মা বাবা সহ বয়োজ্যেষ্ঠের সন্তানের আচার ব্যবহারের দিকে সূক্ষ্ম নজরদারি বাড়াতে হবে এবং যেকোনো অসাদচরণ পরিলক্ষিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ঠিক করতে হবে। শুধু পরিবার নয় সমাজের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষাসহ ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। তরুণ সমাজকে একটি সুন্দর সুষ্ঠ জীবনে ফিরিয়ে আনতে সকলের সম্মিলিত প্রচেষ্ঠা একান্ত জরুরি।
লেখিকা : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা।





















