বই : উনকি

খাদিজাতুল খোরশেদ খুশি : জলপাইগুড়ি জেলার তরাইনের চা বাগান এলাকায় ছিল দুই পৃথিবী । স্বচ্ছ বালুপাড়া আর হতদরিদ্র কুলির বস্তি।সেই বস্তির সুন্দরী মেয়ে ছিল উনকি।উনকি মানে সৃষ্টিকর্তার মেয়ে। কিন্তু সৃষ্টিকর্তার মেয়ের ভাগ্য ভালো হয়নি। মেয়েটির কপালে ছিল বড় একটি ফোঁড়া। ক্রমশ ঢেকে যাচ্ছিলো চোখ।

বইয়ের নাম উনকি হলেও অতীন,দীপু,কিশোর,কার্তিকরা ছিল গুরুত্বপূর্ণ চরিত্র।কার্তিক ছাড়া সবাই পড়তো শহরের স্কুলে। ছুটিতে সবাই আসতো চা বাগানে। প্রতিদিন যখন কার্তিকরা সবাই মাঠে খেলতে যেতো তখন প্রায়ই লক্ষ্য করতো খেলার মাঠে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে,পিঠে একটি বাচ্চা বেঁধে। তারপর সবাই জানতে পারে মেয়েটির নাম উনকি।মেয়েটির চোখ ঢেকে যাওয়া ফোঁড়ার চিকিৎসা করতে পারেনা তার হতদরিদ্র বাবা-মা। শুনে অতীন,দীপু,কিশোর কার্তিকদের মন খারাপ হয়। তাদের উদ্যোগে চা-বাগান থেকে চাঁদা তুলে উনকি কে অপারেশনের জন্য পাঠানো হয়। অপারেশনের পর উনকি’কে বিয়ে দিয়ে দেয় তার বাবা। কিন্তু বিয়ের পর তার অপারেশনের জায়গায় আবার নতুন করে ফোঁড়া দেখা দেয়ায় উনকি’র বর তাকে বাপের বাড়ীতে দিয়ে যায়।এরপর অবশ্য উনকি আবার সুস্থ হয়। কিন্তু তার বরের বাড়ীতে আর ফিরে যায়নি। হতদরিদ্র ঘরের মেয়ে হয়েও আত্মমর্যাদাসম্পন্ন এমন সিদ্ধান্ত নিয়েছিলো উনকি।

মাঝখানে কেটে যায় চল্লিশ বছর। ততদিন বন্ধুদের আর দেখা হয়না।সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে আলাদা হয়ে যায়। হঠাৎ অতিন মনে করে তার বন্ধু দের কথা। সে দিল্লি থেকে এসে যাদের পায় তাঁদের সাথে দেখা করে।সেখানে গিয়ে উনকির দেখাও পায়।

উপন্যাসে সমরেশ মজুমদার হতদরিদ্র আত্মমর্যাদাসম্পন্ন মেয়ে উনকির জীবনের কথা তুলে ধরেছেন। একই সাথে ছোট বেলার বন্ধুদের একসাথে বিকেল হলেই খেলতে যাওয়া, তারপর স্কুলের গন্ডি পার হওয়ার পর কলেজে ভর্তি হয়ে কিছুটা দূরত্ব সৃষ্টি হওয়ার পর সবশেষে যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াটাও দেখিয়েছে। বইটি পড়তে পড়তে অনেকের হয়তো বন্ধুদের হারানোর ভয় হবে,আবার অনেকের সেই ছোট বেলার বন্ধুদের কথাও মনে পড়বে।সব মিলিয়ে সমরেশ মজুমদারের ‘উনকি’ বইটি একদমই সহজ ভাষায় লিখা। কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা না।

বইয়ের লেখক: সমরেশ মজুমদার, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড প্রকাশনী হতে প্রকাশিত। মুদ্রিত মূল্য ৩৫০ টাকা।

বুক-রিভিউ লেখিকা : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

ইমেইল : Khadijatulkhurshedkhushi@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *