সংবহন

চৌধুরী রুহাশ

একদিন আমি তোমার রক্তের গ্লুকোজ হবো,
হঠাৎ করে কমে যাবো,
তখন তোমার অস্থিরতা দেখবো..
তুমি দৌড়াবে,ডাক্তারের কাছে যাবে…
আমি শিহরিত হবো আমার প্রতি তোমার ভালোবাসা দেখে,
আমাকে বাঁচাতে তোমার আগ্রহ দেখে
আমি দৌড়াতে থাকবো তোমার রক্তে…

একদিন আমি তোমার রক্তচাপ হবো…
হঠাৎ করে বেড়ে যাবো
হঠাৎ করে কমে যাবো
তুমি সহস্রাধিক চেষ্টা করবে নিয়ন্ত্রণে রাখতে,
আমি মুগ্ধতায় তাকিয়ে রবো….
তোমার এমন পরিবর্তন দেখে।

একদিন আমি তোমার কফির মগের উষ্ণতা হবো,
প্রথম চুমুক আমিই পাবো,
আমাকে শীতল করতে তুমি ব্যস্ত হয়ে পড়বে,
ফুঁ ফুঁ দিতে দিতে আমি শীতল হবো
তোমার ঠোঁটের উষ্ণ হাওয়ায়,
আমি অদ্ভুত ভালো লাগায় তোমার ঠোঁট ভিজিয়ে দেবো…

একদিন আমি তোমার বিকেলের মন খারাপ হবো,
তুমি ভালো থাকার উৎস খুঁজবে হন্যে হয়ে…
অবাক হৃদয়ে আমি তাকিয়ে রবো
বিকেলে নরম রোদে ছুঁয়ে যাওয়া তোমার দিকে…

আজন্মকাল আমি তোমার হবো,
তোমার বালিশের সালিশ
তোমার ঘুম পাহারাদার হবো…
আমি তোমার ভাবনার অনু হবো,
অজস্র অনুভবের অনুবাদ হবো
একদিন আমি তোমার ভাবান্তর হবো
আমি শিহরিত হবো আমার প্রতি তোমার ভালোবাসা দেখে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *