রানা সোহেল মেঘদূত
এ রৌদ্রাক্ষর ঘামে
এ দাবদাহের নামে
তোমার কাছে এসে বলি,
আমি কালবৈশাখির মতো চলি।
তোমার জন্য_
চষে অরণ্য,
ভেঙে দিই কিনারা জল
চুর্ণ করি পাথর নীলাচল।
পুঁড়ে ছাই করি পাকস্থলি
আমি কালবৈশাখীর মত চলি।
তোমার জন্য_
কিছুটা হই বন্য,
হাওয়ার তোড়ে আনি বৃষ্টি,
চৌচির জমিনে নামাই সৃষ্টি,
স্বপ্নের যাঁতাকলে সব জলাঞ্জলী
আমি কাল বৈশাখীর মত চলি।
তোমার জন্য
মন নিরন্ন,
আবার ফলাতে পারি ফসলের ঘ্রাণ
আবার জাগাতে পারি মূমুর্ষে প্রাণ।
যদি দাও প্রেম দ্রোহের গোলাপ কলি
আমি কালবৈশাখীর মত চলি।
তোমার জন্য কেবল
আমি চাষা,,,
শব্দ ঝরানো দমকল।
তোমার জমিনে আবাদ করতে পারি,
আমি ভেঙে আবার গড়তে জানা সে
সুন্দর সঞ্চারী।
আমি পারি নিমগ্ন ধ্যানে সিদ্ধার্থের মতো,
মুছে দিতে তোমার
শতাব্দীর ক্ষত।
তুমি সুজাতা
আমি গৌতম
এই পদাবলী।
আমি কাল বৈশাখীর মতো চলি।





















