মো. জাহিদ হাসান:
আমাদের দেশে ধর্ষণ যেন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের ভয়ানক সব ঘটনা প্রকাশ পাচ্ছে। নরসিংদির কিশোরী আমেনাক ধর্ষণের প্রায় ১৫ দিন পর দুর্বৃত্তরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। এরপর গত কিছু দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় এককের পর এক মর্মান্তিক সব ধর্ষণের ঘটনা ঘটেছে। এর আগেও আমাদের দেশে ধর্ষণের অনেক লোমহর্ষক ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনার কোনো সুরাহা মেলেনি। দুশ্চিন্তার বিষয় হলো, অধিকাংশ ধর্ষণের ঘটনা ধর্ষকের ভয়ভীতিতে বা ভুক্তভোগীর মানহানীর ভয়ে ধামাচাপা পড়ে যায়। অনেক ধর্ষণ মামলা বিচারের আওতায় আসলেও ধর্ষকের উপযুক্ত শাস্তি হয় না। অথচ, ধর্ষণ একটি ভয়ানক সামাজিক সমস্যা। এর ফলে দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়ছে। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের অসহনীয় ক্ষতি করছে। ধর্ষণের সাথে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ এখন সময়ের দাবি। এছাড়া, সরকার কর্তৃক ধর্ষিত ব্যক্তির উপযুক্ত চিকিৎসা ও ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (বাংলা বিভাগ)





















