রানা সোহেল মেঘদূত
“তোমাকে স্পর্শ করতে গিয়ে
কতবার যে গুটিয়ে নিতেছি হাত
সে কথা আমার ঈশ্বর জানেন”
প্রিয় কবির
এমন একটি কবিতার লাইন জপতে জপতে আমিও কতবার যে গুটিয়ে নিয়েছি হাত সে কথা আমার ইশ্বর জানেন।
আনমনা অস্পর্শের বিমোহিত ক্যানভাসে কতবার আঁকি ছবি,
কতবার তোমাকে ডেকেছি নিঃশব্দ চিৎকারে
না শুনে পাখি
না শুনে পাতারা।
কেবল হাওয়ার কোলাহলে লীন হয় চিৎকার,
সে কথাও আমার ইশ্বর জানেন।
কতবার
কতবার লিখতে গিয়েও লিখতে পারিনি চিরকুট,
মুঠোফোনে ডায়ালে আঙুল রেখেও
ফিরিয়ে নিয়েছি আঙুল।
কতবার দু হাতে
তোমার মুখ খানে
মকমলে আদরে
ধরতে গিয়েও ধরা হয়নি।
কতবার প্রজাপতি ডানায় তোমার নাম আঁকতে গিয়ে আঁকিনি
সে কথা আমার ইশ্বর জানেন।
কতবার কবিতার খাতায় তোমার নামটি লিখতে গিয়ে লিখিনি,
কতবার তোমার ঠোঁটের ফুলে
নির্যাস নেবার তৃষায় কাতর হয়েছে মন।
কতবার হাতের পরশে উন্মুক্ত ঘাসে
কিংবা গহীনে ডুবে যাবার সংকল্প
গল্প হয়েছে,
কতবার দুজনে সমুদ্রের তীরে সন্ধার হাওয়ায় ভাসতে ইচ্ছে জেগেছে,
কতবার জোছনার মতো অভিসারে
মুগ্ধ রাতের চাদরে ঘুমজাগা কথোপকথনের ছবি ভেসেছে
সে কথা আমার ইশ্বর জানেন।
আর আজ তুমিও জেনেছো
ইশ্বরে জানা ইচ্ছেগুলো
তোমার জন্য শিউলী ফুলের মতো
কেবল ঝরছে
ঝরছে,,,আহা ঝরছে।
যেমন ঝরে আহত জোছনা
আকাশ ছিঁড়ে।
যা কেবলই গল্পের পরতে পরতে আঁচড় বসায়।
অহেতুক গল্প হয়ে উঠে আগন্তুক
কোনো গোপন কষ্টের রঙে।
তোমার না থাকা জুড়ে।
আর এই রঙে, গল্পে
আমার
চিরকালীন ভ্রমণ,
কোথায় কেমন
তা কেবল আমার ইশ্বর জানেন।





















