কষ্ট কথার মলম

কাজী.এস.আর.রাশিদা

কষ্ট কথার মলম নিয়ে
ঘা শুকাতে গিয়ে;
অঝোর শ্রাবণ গায়ে মেখে
ফিরি ব্যথা নিয়ে।

যন্ত্রণারা হতাশ হয়ে
ক্লান্ত চোখে বলে;
মরম ব্যথার এ’কি বিষাদ
দহনে হৃদ গলে।

হৃদয় পোড়ার গন্ধে কি আর
ওঠে কভু ধোঁয়া!
ধোঁয়াশাতে জ্যোৎস্না ঢাকে
স্পর্শে না পায় ছোঁয়া।

বেদনার রঙ নীল শাড়িতে
হঠাৎ লেপ্টে পড়ে;
কুচির ভাঁজে কান্না জমা
অশ্রু হয়ে ঝরে।

কি নিদারুণ অলিক হাসি
নিঃশব্দে যায় কেঁদে;
পথ হারালেও রামধনুর রঙ
যায় কি রাখা বেঁধে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *