নৌকোর গল্প

তোমার নৌকোর গল্প, মাঝনদীতে হুটহাট বৃষ্টির কথা—আমি কত মন দিয়ে শুনতাম, মনে আছে? নদীর কোন মোড়ে স্রোত বেশি, কোথায় চরের মাটি নরম, কোন মাঝির গান তোমার খুব পছন্দ—এসব কথা আর কে শুনবে বলো এত মন দিয়ে?
​কেউ কি আমার মতো জানতে চাইবে—আজ নদীর জল কি খুব ঘোলা ছিল? কেউ কি তোমার রোদে পোড়া ক্লান্ত মুখ দেখে মায়া করে বলবে, “একটু জিরিয়ে নাও, এক গ্লাস ঠান্ডা জল খাবে?” আমার মতো করে হেসে তোমার রাগ কি কেউ ভাঙাবে? তুমি কথা না বললে আমার মতো আর কেউ কি কাঁদবে?
​আমি জানি, তুমি আমার চেয়ে অনেক ভালো কাউকে সঙ্গী হিসেবে পাবে। কিন্তু দিনশেষে তুমি যে আমাকে আর পাশে পেলে না, সেই আফসোস ঠিক তোমাকে পোড়াবে। দেখো, যখন বর্ষার ভরা নদীতে একা বসে থাকবে আর তোমার প্রিয় মানুষটি তোমার নদীর গল্পগুলো শুনতে চাইবে না, তখন তোমার আমাকে খুব মনে পড়বে।
​কিন্তু আর কী লাভ সেই মনে পড়ায়? বিচ্ছেদের পর স্মৃতি তো কেবল জোয়ারে ভেসে যাওয়া ভাঙা নৌকোর মতোই মূল্যহীন, তাই না?

— উম্মে হাবিবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *