তিন ইস্যুতে আইসিসিকে চিঠি দেবে বিসিবি

আইপিএলের নিলামে দল পেলেও কোনো কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। এই ঘটনার পর দুই দেশের ভূরাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে গেছে।

শনিবার (৩ জানুয়ারি) রাতে জরুরি মিটিংয়ে বসেন বোর্ড কর্তারা। সেখানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ খেলবে কি না সে বিষয়েও আলোচনা হয়। এ নিয়ে আইসিসিকে চিঠি দেবে বিসিবি।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের ভারত পৌঁছানোর কথা ২৫ জানুয়ারি। তবে মোস্তাফিজের সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনার পর ভারতে খেলোয়াড়, কোচিং স্টাফদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিসিবি কর্তারা। শুধুমাত্র খেলোয়াড় নয়, তাদের পরিবার, বিসিবি কর্মকর্তা এবং সংবাদকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আইসিসিকে চিঠি পাঠানো হবে। যে চিঠি আজ (রোববার) পাঠাবে বিসিবি।

এছাড়া মোস্তাফিজকে এভাবে রাজনৈতিক কারণে বাদ দেওয়ার এখতিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি বা বোর্ড রাখে কি না, তা নিয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে পরিষ্কার ব্যাখ্যা চাইবে বিসিবি। এই চিঠির অনুলিপি বা সিসি দেওয়া হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই)।

মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটকে মেইল করবে বিসিবি। যেখানে প্রথমে জানতে চাইবে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়, এরপর মুস্তাফিজের সঙ্গে ঘটে যাওয়া বিষয়। একইসঙ্গে খেলোয়াড় ছাড়াও বোর্ড পরিচালক ও অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে বিসিবি। যুক্ত থাকবে দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *