কত আয় করল ‘অ্যাভাটার

নতুন বছরে বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’। গত শুক্রবার ছবিটি আয় করেছে ১ কোটি ৪০ লাখ ডলার। টানা তৃতীয় শুক্রবারের মতো বক্স অফিস তালিকার শীর্ষে রয়েছে জেমস ক্যামেরনের পরিচালিত ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি। টোয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওস ও ডিজনির ব্যানারে মুক্তি পাওয়া ছবিটি গত সপ্তাহের একই দিনের তুলনায় মাত্র ৩৮ শতাংশ কম আয় করেছে, যা বড় বাজেটের ছবির জন্য বেশ ইতিবাচক ইঙ্গিত। ধারণা করা হচ্ছে, গতকাল রোববার পর্যন্ত ছবিটির সাপ্তাহান্তিক আয় দাঁড়াবে প্রায় ৩ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ছবিটির মোট আয় পৌঁছাবে আনুমানিক ৩০ কোটি ২০ লাখ ডলারে। নতুন বছরে বক্স অফিসে ‘অ্যাভাটার ৩’-এর পরে ছিল আগের সপ্তাহের কয়েকটি ছবি- ‘মার্টি সুপ্রিম’, ‘জুটোপিয়া ২’, ‘অ্যানাকোন্ডা’ ও ‘দ্য হাউসমেইড’। শুক্রবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘জুটোপিয়া ২’। ডিজনির অ্যানিমেটেড এই অ্যাডভেঞ্চার ছবি আয় করেছে ৭১ লাখ ডলার, যা আগের শুক্রবারের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *