নির্দেশনা দেওয়া হয়েছে- ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে: উপদেষ্টা আলী ইমাম

অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে। নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে সেজন্য প্রশাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদেরকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবেও বলা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুমিল্লায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় ‘ভোটের গাড়ি’র মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। আশা প্রকাশ করে তিনি বলেন, অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে দেশে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে।

খাদ্য ও ভূমি উপদেষ্টা বলেন, ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনারা উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন এবং একইসঙ্গে গণভোটেও অংশ নেবেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর্যন্ত একটি অংশগ্রহণমূলক ভোট আমরা পাইনি। বিশেষ করে আজকে যাদের বয়স ৩০ বা ৩৫, তারা ভোটই দেননি কখনো। আল্লাহর রহমতে এই বন্ধ্যাত্বকর রাষ্ট্রের অবসান ঘটতে যাচ্ছে এবং সরকার যথেষ্ট সক্রিয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *